কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে আহত ৮

রবিবার (০১ সেপ্টেম্বর) সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মির্জাপুর বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। আহতের মধ্যে ৫ জনের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলা। এছাড়া পাকুন্দিয়া, কটিয়াদী ও করিমগঞ্জের একজন করে রয়েছেন। আহতরা হলেন- নাদিরা আক্তার (১৮), সানজিদা (৪০) রুবাইয়া (১৫), আজিম (১৯), নাদিম (২৯), হিমেল (২১), রফিকুল ইসলাম (৪৮) ও মিন্টু (৩৬)। আহতদের মধ্যে পাকুন্দিয়া উপজেলার আজিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তিনি উপজেলার তারাকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার সকালে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের একটি বাস মির্জাপুর বাইপাস মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আশপাশের লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নূর-এ-আলম বলেন, আটজন রোগী ভর্তি হয়। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানান,মির্জাপুর বাইপাস মোড়টিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এখানে কোনো গতি নিয়ন্ত্রক নেই, সড়কের দুই পাশে স্পিড ব্রেকার থাকলে হয়তো এমনটি হতো না। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Comment